দিনাজপুরের ঘোড়াঘাট থানা পুলিশের মানবিক তৎপরতায় দীর্ঘ ৭ দিন পর নিজের পরিবারকে ফিরে পেলেন আছমা ওরফে মৌমিতা (১৮) নামের এক মানসিক ভারসাম্যহীন তরুণী।
সোমবার (৩০ মার্চ) সকালে তাকে সুস্থ শরীরে তার পরিবারের জিম্মায় তুলে দেওয়া হয়।
গত ২৯ মার্চ, ২০২৬ তারিখ ঘোড়াঘাট থানা এলাকায় এক তরুণীকে উদ্দেশ্যহীনভাবে ঘুরতে দেখে স্থানীয় লোকজনের সন্দেহ হয়। মেয়েটি নিজের পরিচয় স্পষ্টভাবে বলতে না পারায় স্থানীয়রা তাকে থানা পুলিশের হেফাজতে নিয়ে আসে।
থানায় আনার পর পুলিশ অত্যন্ত ধৈর্য ও সহমর্মিতার সাথে তরুণীর ব্যাগ তল্লাশি করে। সেখানে একটি চিরকুটে লেখা মোবাইল নম্বর পাওয়া যায়। সেই নম্বরের সূত্র ধরে যোগাযোগ করা হলে তরুণীর সঠিক পরিচয় নিশ্চিত হওয়া যায়।
তার পরিবার সূত্রে জানা যায়, নাম: আছমা ওরফে মৌমিতা, পিতা: জাহাঙ্গীর খান, গ্রাম: আড়িপাড়া, থানা: উজিরপুর, জেলা: বরিশাল।
পরিবারের সদস্যরা জানান, মৌমিতা দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। গত ২৩ মার্চ তিনি বাড়ি থেকে নিখোঁজ হন। অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যাচ্ছিল না।
পরিচয় নিশ্চিত হওয়ার পর আজ ৩০ মার্চ তরুণীর পরিবার ঘোড়াঘাট থানায় উপস্থিত হলে আইনি প্রক্রিয়া শেষে মৌমিতাকে তার স্বজনদের হাতে তুলে দেওয়া হয়। সন্তানকে ফিরে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন মৌমিতার বাবা জাহাঙ্গীর খান। তিনি পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সাকিব হাসান নাইম
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি:

একটি মন্তব্য পোস্ট করুন