🔴 ব্রেকিং

শিরোনাম

নওগাঁয় অজ্ঞান পার্টির দুই সদস্য গ্রেফতার, ইজিবাইক উদ্ধার



নওগাঁ পোরশা প্রতিনিধিঃ মোঃ তোফাজ্জল হোসেন 


পোরশায় চেতনানাশক স্প্রে করে ইজিবাইক ছিনতাই; যৌথ অভিযানে দ্রুত উদ্ধার

নওগাঁ জেলার পোরশা উপজেলায় চেতনানাশক স্প্রে ব্যবহার করে ইজিবাইক ছিনতাইয়ের ঘটনায় অজ্ঞান পার্টির দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। একই সঙ্গে ছিনতাইকৃত ইজিবাইকটি উদ্ধার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২০ মার্চ ২০২৬ তারিখ বিকেল আনুমানিক ৪টার দিকে পোরশা থানাধীন শিশা বাজার থেকে সরাইগাছি বাজারে যাওয়ার কথা বলে দুই ব্যক্তি একটি ইজিবাইক ভাড়া নেন। পরে বিকেল সাড়ে ৪টার দিকে যাত্রী ছাউনির নিকটে পৌঁছালে ওই দুই যাত্রী চালকের ওপর চেতনানাশক স্প্রে প্রয়োগ করে তাকে অজ্ঞান করে ফেলে। এরপর তারা ইজিবাইকটি নিয়ে পালিয়ে যায়।

ঘটনাটি জানার পর নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম দ্রুত পদক্ষেপ নেন। তার নির্দেশনায় পোরশা, সাপাহার ও পত্নীতলা থানার সমন্বয়ে একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। পাশাপাশি গুরুত্বপূর্ণ সড়কগুলোতে চেকপোস্ট জোরদার করা হয়।

পুলিশ জানায়, ঘটনার পর অভিযুক্তরা কয়েক ঘণ্টা আত্মগোপনে থাকলেও পরদিন ২১ মার্চ ভোর আনুমানিক ৪টা ৩০ মিনিটে শিশা বাজার এলাকায় ইজিবাইক নিয়ে পালানোর সময় স্থানীয় জনসাধারণের সহায়তায় পত্নীতলা থানা পুলিশ তাদের আটক করে। এ সময় ছিনতাইকৃত ইজিবাইকটিও উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন— মোঃ আব্দুল্লাহ ইসলাম (২৪) ও মোঃ রনি বাবু (২৭)। তারা উভয়েই পত্নীতলা উপজেলার ভগিরতপুর গ্রামের বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

এ ঘটনায় ভুক্তভোগী ইজিবাইক চালক মোঃ রায়হান (৩৫) পোরশা থানায় একটি মামলা দায়ের করেছেন। গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।

পুলিশ আরও জানায়, অজ্ঞান পার্টির এ চক্রের সঙ্গে জড়িত অন্য কোনো সদস্য নওগাঁ জেলায় সক্রিয় আছে কিনা, তা খতিয়ে দেখতে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।

Post a Comment

নবীনতর পূর্বতন