মোঃ লিটন সরকার
সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার ২নং বাঙ্গালা ইউনিয়নের ২নং ওয়ার্ডের বানিয়াকৌর এলাকায় সাবেক বিএনপি যুবনেতা ও বর্তমান ওয়ার্ড বিএনপি নেতা মোঃ ফরমান সরদার মেম্বার পদপ্রার্থী হিসেবে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছেন।
সোমবার বিকেল ৩টায় কুচিয়ামোড়া বাজারে আয়োজিত এক আলোচনা সভার মাধ্যমে তিনি তার প্রার্থিতা ঘোষণা করেন। অনুষ্ঠানে ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, সমর্থক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। এতে পুরো এলাকা এক ধরনের মিলনমেলায় পরিণত হয় এবং স্থানীয় রাজনীতিতে নতুন করে প্রাণচাঞ্চল্যের সৃষ্টি হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, মোঃ ফরমান সরদার দীর্ঘদিন ধরে দলের সঙ্গে সক্রিয়ভাবে জড়িত এবং এলাকায় তার গ্রহণযোগ্যতা রয়েছে। এলাকার উন্নয়নে তার অবদান উল্লেখযোগ্য বলেও তারা উল্লেখ করেন।
প্রার্থিতা ঘোষণা করে মোঃ ফরমান সরদার বলেন, “আমি ২নং ওয়ার্ডের মানুষের সেবা করার লক্ষ্যে মেম্বার পদে নির্বাচন করতে চাই। দীর্ঘদিন ধরে এলাকার মানুষের পাশে আছি এবং ভবিষ্যতেও থাকতে চাই। দল যদি আমাকে সমর্থন দেয় এবং জনগণ আমাকে নির্বাচিত করে, তাহলে একটি আধুনিক, উন্নত ও নাগরিকবান্ধব ওয়ার্ড গড়ে তুলব।”
তিনি আরও বলেন, “উন্নয়ন, সুশাসন ও দুর্নীতিমুক্ত প্রশাসন নিশ্চিত করাই হবে আমার মূল লক্ষ্য। তরুণদের কর্মসংস্থান, রাস্তা-ঘাট উন্নয়ন, পরিচ্ছন্নতা এবং নাগরিক সেবার মানোন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হবে।”
আলোচনা সভা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। একই সঙ্গে আসন্ন ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচন প্রত্যাশা করা হয়।
অনুষ্ঠানের আয়োজকরা জানান, পবিত্র রমজান শেষে ঈদের তাৎপর্য তুলে ধরা এবং জনগণের সঙ্গে সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক জোরদার করাই ছিল এই আয়োজনের মূল উদ্দেশ্য।
এসময় দলীয় নেতাকর্মীরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য কামনায় দোয়া প্রার্থনা করেন।

একটি মন্তব্য পোস্ট করুন