দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান হরিপাড়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. হাফিজার রহমান-এর অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান-২০২৬ অত্যন্ত ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। দীর্ঘ কর্মজীবনের ইতি টেনে বিদায় নেওয়া এই গুণী শিক্ষককে অশ্রুসিক্ত নয়নে বিদায় জানান শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসী।
সোমবার (৩০ মার্চ) বেলা ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে আবদুল লতিফ প্রধানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুবানা তানজিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার ধ্বীরাজ সরকার, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. মাহফুজার রহমান লাভলু।
অনুষ্ঠানে বিদায়ী প্রধান শিক্ষকের বর্ণাঢ্য কর্মজীবনের ওপর আলোকপাত করে বক্তব্য রাখেন উপজেলার রানীগঞ্জ সরকারি স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক ও উপজেলা বেসরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির সাবেক আহ্বায়ক মনোরঞ্জন মোহন্ত ভুট্টু। এছাড়া আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য ও বিদ্যালয়ের প্রাক্তন সদস্য মো. আসলাম মিয়া।
স্বাগত বক্তব্য ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. শরিফুল ইসলাম। অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রাক্তন ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা তাদের প্রিয় শিক্ষকের স্মৃতিচারণ করে আবেগঘন পরিবেশ তৈরি করেন।
পুরো অনুষ্ঠানটি অত্যন্ত নিপুণভাবে পরিচালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আবদুল ওহাব মিয়া।
বক্তারা বলেন, মো. হাফিজার রহমান কেবল একজন শিক্ষকই ছিলেন না, তিনি ছিলেন এই অঞ্চলের আলোকবর্তিকা। তার হাত ধরে হাজারো শিক্ষার্থী আজ সুপ্রতিষ্ঠিত। অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিদ্যালয়ের পক্ষ থেকে বিদায়ী প্রধান শিক্ষককে সম্মাননা ক্রেস্ট ও বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করা হয়।
সাকিব হাসান নাইম
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি:

একটি মন্তব্য পোস্ট করুন