🔴 ব্রেকিং

শিরোনাম

হাজিরা দিতে এসে জেলহাজতে উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক ও যুবলীগ সভাপতিসহ ১০ নেতাকর্মী

 


সুরাইয়া আক্তার সনি, ইসলামপুর উপজেলা প্রতিনিধি: 

জামালপুরের ইসলামপুর উপজেলায় বিস্ফোরক মামলায় স্বেচ্ছায় আদালতে হাজিরা দিতে এসে কারাগারে যেতে হয়েছে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা যুবলীগ সভাপতিসহ ১০ জন নেতাকর্মীকে।

আদালত সূত্রে জানা যায়, রবিবার (২৯ মার্চ) দুপুর ১২টার দিকে জামালপুরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ৩য় আদালতে তারা আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক মোস্তাফিজুর রহমান আসামিদের জামিন আবেদন নামঞ্জুর করে তাদের জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।

কারাগারে পাঠানো ব্যক্তিরা হলেন— উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান খলিল, উপজেলা যুবলীগের সভাপতি হারুনুর রশিদ হারুন, গোয়ালেরচর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আনোয়ার হোসেন মন্ডল, মনজুরুল, মোফাজ্জল, জুয়েল, সোহাগ, তোতা ফকির ও বাশেদ আলীসহ মোট ১০ জন।

জানা গেছে, ২০২৪ সালের ১৬ ডিসেম্বর ইসলামপুর উপজেলার গোয়ালেরচর-সভারচর এলাকার মো. হাফিজুর রহমান বাদী হয়ে ইসলামপুর থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করেন। মামলায় উল্লেখিত এই আসামিদের পাশাপাশি আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আরও ১২৮ জন নেতাকর্মীকে আসামি করা হয়। এছাড়া অজ্ঞাতনামা ২০০ থেকে ২২০ জনকে আসামি করা হয়।

মামলার তদন্ত শেষে ইসলামপুর থানা পুলিশ আদালতে চার্জশিট দাখিল করে। এর প্রেক্ষিতে রবিবার ১০ জন আসামি আদালতে আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করলে আদালত তাদের জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর আদেশ দেন।

Post a Comment

নবীনতর পূর্বতন