মো: গোলাম কিবরিয়া
রাজশাহী জেলা প্রতিনিধি
রাজশাহীতে অভিযান চালিয়ে সনদ ও নম্বরপত্র জালিয়াতি চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব। এসময় তাদের কাছ থেকে জালিয়াতির কাজে ব্যবহৃত বিভিন্ন ইলেকট্রিক ডিভাইস ও বিপুল পরিমাণ সরঞ্জামাদি উদ্ধার করা হয়।
র্যাব-৫ এর রাজশাহী সদর কোম্পানির একটি দল মঙ্গলবার রাত পৌনে ১১টার দিকে নগরের কুমারপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে।
গ্রেপ্তারকৃতরা হলেন নগরের বোয়ালিয়া থানা এলাকার বাসিন্দা অভিজিৎ মন্ডল (২৭) এবং একই এলাকার রায়হান আউয়াল (২১)। বুধবার সকালে র্যাব-৫ তাদের গ্রেপ্তারের তথ্য একটি সংবাদ বিজ্ঞপ্তিতে নিশ্চিত করে।
র্যাব জানায়, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে একে অপরের যোগসাজশে দেশের বিভিন্ন স্থান থেকে অনলাইনের মাধ্যমে নকল মার্কশিট ও সার্টিফিকেট তৈরির অর্ডার সংগ্রহ করতেন। পরে অভিনব কৌশলে এসব নকল মার্কশিট ও সার্টিফিকেট তৈরি করে সরবরাহ করতেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে জালিয়াতির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। এছাড়া এই চক্রের সঙ্গে আব্দুল বাছিত রিয়ান নামের আরও একজন জড়িত আছেন। তার বাড়ি হবিগঞ্জের বনিয়াচং থানার যাত্রবাসা এলাকায়। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এই ঘটনায় বোয়ালিয়া থানায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। জাল সনদ তৈরির কাজে আরও কে কে জড়িত আছে , সেটাও তদন্ত করা হচ্ছে ।

একটি মন্তব্য পোস্ট করুন