🔴 ব্রেকিং

শিরোনাম

সিরাজগঞ্জে হামের প্রাদুর্ভাব: আক্রান্ত ৩৯ শিশু, হাসপাতালে বিশেষ ইউনিট

 

সিরাজগঞ্জ প্রতিনিধি:মোঃ হযরত আলী 

সিরাজগঞ্জে নতুন করে সংক্রামক ব্যাধি হামের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। গত কয়েক দিনে জেলায় ৩৯ জন শিশুর শরীরে এই ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে বর্তমানে ১৫ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে এবং ২৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।

সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে, গত ২৯ মার্চ থেকে জেলায় হামের সংক্রমণ পর্যবেক্ষণ শুরু হয়। শনিবার (৪ এপ্রিল) সকাল পর্যন্ত পাওয়া তথ্যে দেখা যায়, আক্রান্ত শিশুদের মধ্যে বড় একটি অংশ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এছাড়া উল্লাপাড়া, বেলকুচি ও চৌহালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও রোগী ভর্তি রয়েছে। তবে এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।

বর্তমান পরিস্থিতি ও উপসর্গ:

হাসপাতালে চিকিৎসাধীন শিশুদের মধ্যে তীব্র জ্বর, ঠান্ডা, শরীরে লালচে ফুসকুড়ি এবং শ্বাসকষ্টের মতো উপসর্গ দেখা যাচ্ছে। চিকিৎসকরা জানিয়েছেন, অনেক শিশুর ক্ষেত্রে হামের পাশাপাশি নিউমোনিয়া ও ডায়রিয়ার মতো জটিলতাও দেখা দিচ্ছে। শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক ডা. মশিউর রহমান রিয়াদ জানান, আক্রান্তদের প্রায় ৫০-৬০ শতাংশ শিশু নিয়মিত টিকা নেওয়ার আগেই সংক্রমিত হয়েছে।

স্বাস্থ্য বিভাগের পদক্ষেপ:

সিরাজগঞ্জের সিভিল সার্জন ডা. মো. নুরুল আমিন জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বাস্থ্য বিভাগ তৎপর রয়েছে। আক্রান্তদের সুচিকিৎসা নিশ্চিত করতে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে একটি বিশেষ ইউনিট চালু করা হয়েছে।

এদিকে হঠাৎ হামের প্রকোপ বেড়ে যাওয়ায় স্থানীয় অভিভাবকদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। সচেতন মহল থেকে শিশুদের দ্রুত টিকাদান নিশ্চিত করা এবং জনসচেতনতা বৃদ্ধির দাবি জানানো হয়েছে।

Post a Comment

নবীনতর পূর্বতন