“মানব সেবাই আমরা সবাই, আলোকিত সমাজ গড়াই” এই স্লোগানকে সামনে রেখে ২০২৪ সালের ২৬ জুন দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় প্রতিষ্ঠিত “হাতিশাল আল ইনসাফ শান্তি সংঘ” বর্তমানে ৩৮ জন সদস্য নিয়ে সক্রিয়ভাবে পরিচালিত হচ্ছে।
সংগঠনটির সভাপতির দায়িত্ব পালন করছেন হাফেজ মাওলানা মোঃ আতাউর রহমান। এটি একটি সম্পূর্ণ অরাজনৈতিক, অলাভজনক ও স্বেচ্ছাসেবী সামাজিক-মানবিক সংগঠন।
প্রতিষ্ঠালগ্ন থেকেই সংগঠনটি বিভিন্ন জনকল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো—বৃক্ষরোপণ কর্মসূচি, ফ্রি কুরআন শিক্ষা, বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান, রমজানে খাদ্যসামগ্রী বিতরণ, শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ, দুরারোগ্য রোগীদের সহায়তা, শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ, অসহায় ও দুঃস্থদের সাহায্য-সহযোগিতা এবং রক্তদান কর্মসূচি। এসব কার্যক্রমের মাধ্যমে সংগঠনটি ইতোমধ্যে এলাকায় ব্যাপক সুনাম অর্জন করেছে।
সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি আতাউর রহমান বলেন, “সামাজিক জীব হিসেবে সমাজ ও আশেপাশের মানুষের জন্য কিছু করার তৃপ্তি থেকেই এই সংগঠনের কার্যক্রম পরিচালিত হচ্ছে। আমরা বিশ্বাস করি, ভোগে সুখ নেই—ত্যাগেই প্রকৃত সুখ। আর দান করার জন্য ধনী হওয়া জরুরি নয়, প্রয়োজন সুন্দর মানসিকতা।”
সিনিয়র সহসভাপতি মোঃ জহুরুল ইসলাম বলেন, “সবার সম্মিলিত প্রচেষ্টায় সংগঠনটি মানবসেবা ও সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে সবসময় সক্রিয় থাকবে। নির্দিষ্ট লক্ষ্য ও উদ্দেশ্য নিয়েই সংগঠনটি গঠিত হয়েছে।”
সাংগঠনিক সম্পাদক মোঃ মাহফুজ রহমান বলেন, “সংগঠনের সদস্যদের মধ্যে ভ্রাতৃত্ববন্ধন তৈরি করে ঐক্যবদ্ধভাবে লক্ষ্য বাস্তবায়ন এবং কল্যাণমূলক কাজে নিজেদের সম্পৃক্ত করাই আমাদের মূল উদ্দেশ্য।”
এদিকে, এলাকার সচেতন মহল “হাতিশাল আল ইনসাফ শান্তি সংঘ”–কে সরকারি নিবন্ধনের আওতায় আনার দাবি জানিয়েছেন, যাতে সংগঠনটি আরও বিস্তৃত পরিসরে জনসেবামূলক কার্যক্রম পরিচালনা করতে পারে।
( দিনাজপুর ) ঘোড়াঘাট উপজেলা প্রতিনিধী
সাকিব হাসান নাইম

একটি মন্তব্য পোস্ট করুন