ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় অজ্ঞাতনামা একটি ট্রাকের চাপায় পিষ্ট হয়ে বাবলু মিয়া (৫০) নামে এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ভ্যানে থাকা এক যাত্রী গুরুতর আহত হয়েছেন।
রোববার (৫ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে পৌরশহরের নিতাইশা মোড় এলাকায় মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত বাবলু মিয়া গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার বোগলাগাড়ি মাঠপাড়া এলাকার বাসিন্দা। আহত যাত্রী হারুনুর রশিদ (৪২) একই উপজেলার বৈরী হোসেনপুর এলাকার বলে জানা গেছে।
আহত হারুনুর রশিদ জানান, তিনি একটি ব্যাটারিচালিত ভ্যান রিজার্ভ নিয়ে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গোবিন্দগঞ্জ থেকে ঘোড়াঘাট পৌরশহরের ওসমানপুর বাজারে আসেন। কাজ শেষে ফেরার পথে নিতাইশা মোড়ে মহাসড়কের ওপর থাকা একটি উঁচু ঢিবির ওপর ভ্যানের সামনের চাকা উঠে গিয়ে সেটি উল্টে যায়। এতে ভ্যানচালক বাবলু মিয়া ছিটকে সড়কের ডান পাশে পড়ে যান এবং তিনি নিজে বাম পাশে পড়ে যান।
এ সময় গোবিন্দগঞ্জ থেকে দিনাজপুরগামী দ্রুতগতির একটি ট্রাক ভ্যানচালককে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর ট্রাকটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এ বিষয়ে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, নিহতের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। ঘাতক ট্রাকটি শনাক্তের চেষ্টা চলছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
প্রতিবেদক:
সাকিব হাসান নাইম
ঘোড়াঘাট উপজেলা প্রতিনিধি

একটি মন্তব্য পোস্ট করুন