মোঃ সৌরভ হোসেন (বরিশাল জেলা প্রতিনিধি )
বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলায় নানার বাড়ির পুকুরে ডুবে দুই ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকেল ৪টার দিকে উপজেলার কাজিরহাট থানা এলাকার আন্ধারমানিক ইউনিয়ন এর ১নং ওয়ার্ডের হারুন ব্যাপারীর বাড়িতে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত শিশুরা হলো— মো. ছাহাদ হোসেন (৫) ও তার ছোট বোন ছাফিয়া আক্তার (৩)। তারা হিজলা উপজেলার বড়জালিয়া গ্রামের প্রবাসী ছাইদুল হাওলাদারের সন্তান। শিশু দুটি কয়েকদিন আগে তাদের নানার বাড়িতে বেড়াতে আসে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে শিশু দুটি বাড়ির আঙিনায় খেলাধুলা করছিল। এক পর্যায়ে পরিবারের সদস্যদের অগোচরে তারা বাড়ির পাশের পুকুরের দিকে চলে যায়। দীর্ঘ সময় তাদের দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে বাড়ির পাশের পুকুরে ভাসমান অবস্থায় দুই শিশুকে দেখতে পান স্থানীয়রা।
পরবর্তীতে দ্রুত তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষণা করেন। শিশুদের মৃত্যুতে পরিবারের সদস্যদের মাঝে শোকের মাতম নেমে আসে। স্বজনদের আহাজারিতে পুরো এলাকা ভারী হয়ে ওঠে।
স্থানীয় এলাকাবাসী জানান, শিশু দুটি খুবই চঞ্চল ও প্রাণবন্ত ছিল। তাদের এমন আকস্মিক মৃত্যুতে এলাকাবাসী গভীর শোক প্রকাশ করেছেন। এদিকে, এ ধরনের দুর্ঘটনা এড়াতে অভিভাবকদের শিশুদের প্রতি আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।
এ বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধিরা জানান, গ্রামাঞ্চলে পুকুর ও জলাশয়ের সংখ্যা বেশি থাকায় শিশুদের নিরাপত্তার বিষয়ে অভিভাবকদের বাড়তি সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। বিশেষ করে ছোট শিশুদের একা বাইরে খেলতে না দেওয়া এবং পুকুরের চারপাশে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার পরামর্শ দেন তারা।
এ মর্মান্তিক ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং নিহত দুই শিশুর পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

একটি মন্তব্য পোস্ট করুন