🔴 ব্রেকিং

শিরোনাম

“চলো সবাই স্কুলে যাই” স্লোগানে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো উপজেলা পর্যায়ের চূড়ান্ত খেলা


“চলো সবাই স্কুলে যাই” স্লোগানকে সামনে রেখে দিনাজপুরের ঘোড়াঘাটে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক ও বালিকা) ২০২৬ এর উপজেলা পর্যায়ের চূড়ান্ত খেলা অনুষ্ঠিত হয়েছে।


বৃহস্পতিবার (২৩ এপ্রিল ২০২৬ খ্রি.) সকাল ১০টায় উপজেলা পরিষদ খেলার মাঠে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচটি ঘিরে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। টুর্নামেন্টটি যৌথভাবে আয়োজন করে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস।


উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে জমে ওঠা এই টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ভর্ণাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। অপরদিকে রানার্সআপ হয় খোদাদাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুবানা তানজিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল আল মামুন কাওছার সেখ। অতিথিরা বিজয়ী খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন এবং তাদের ক্রীড়া মনোভাব ও ভবিষ্যৎ উন্নতির জন্য শুভকামনা জানান।


উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আফজাল হোসেন বলেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার বিকল্প নেই। এ ধরনের আয়োজন তাদের মেধা ও প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।


ফাইনাল খেলাকে কেন্দ্র করে মাঠে দর্শকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। উৎসবমুখর পরিবেশে শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের অংশগ্রহণে পুরো আয়োজন প্রাণবন্ত হয়ে ওঠে।


প্রতিবেদক:

সাকিব হাসান নাইম

ঘোড়াঘাট, দিনাজপুর

Post a Comment

নবীনতর পূর্বতন