🔴 ব্রেকিং

শিরোনাম

স্বল্প বেতনের চাকরি করেও কোটি টাকার সম্পদের অভিযোগ, সিরাজগঞ্জে এক্স-রে অপারেটরকে ঘিরে আলোচনা


সংবাদ প্রতিবেদন:

সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি:

সিরাজগঞ্জ শহরের একটি বেসরকারি আভিসিনা হাসপাতালে কর্মরত সহকারী এক্স-রে অপারেটর মো. হাছান আলীর বিরুদ্ধে অবৈধভাবে বিপুল সম্পদ অর্জনের অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, মাত্র ৭ হাজার টাকা বেতনের চাকরি করেও গত ১০-১২ বছরে তিনি প্রায় কোটি টাকার সম্পদের মালিক হয়েছেন বলে দাবি করা হয়েছে।

এ বিষয়ে ফয়সাল করিম নামে এক ব্যক্তি দুর্নীতি দমন কমিশন (দুদক) পাবনা সমন্বিত কার্যালয়ে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে উল্লেখ করা হয়, সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের পশ্চিম মোহনপুর গ্রামের কৃষক আব্দুল মজিদের ছেলে মো. হাছান আলী প্রথমে ১ হাজার ৭০০ টাকা বেতনে চাকরি শুরু করেন, যা বর্তমানে বেড়ে দাঁড়িয়েছে ৭ হাজার টাকায়। তার স্ত্রী রাজিয়াও একজন নার্স হিসেবে একইভাবে ১ হাজার ২০০ টাকা বেতনে চাকরি শুরু করে বর্তমানে ৭ হাজার টাকা বেতন পাচ্ছেন।

অভিযোগে আরও বলা হয়, স্বামী-স্ত্রীর মোট মাসিক আয় প্রায় ১৪ হাজার টাকা হলেও তারা শহরে ১৫ হাজার টাকা ভাড়ার ফ্ল্যাটে বসবাস করছেন এবং তাদের সন্তানকে ব্যয়বহুল একটি বেসরকারি স্কুলে পড়াচ্ছেন।

এছাড়া, গত এক দশকে হাছান আলী বিভিন্ন স্থানে জমি ক্রয় করেছেন বলে অভিযোগে উল্লেখ রয়েছে। এর মধ্যে শিয়ালকোল বাজারে ৮ শতাংশ জমি (প্রায় ৮০ লাখ টাকা), শিবনাথপুর এলাকায় ১৫ শতাংশ জমি (প্রায় ৩০ লাখ টাকা), মাঠ এলাকায় ২০ শতাংশ জমি (২০ লাখ টাকার বেশি) এবং শ্বশুরবাড়ি খাগা গ্রামে আরও প্রায় ২০ লাখ টাকার জমি রয়েছে বলে দাবি করা হয়েছে। পাশাপাশি একাধিক ব্যাংকে তার নামে উল্লেখযোগ্য পরিমাণ অর্থ জমা রয়েছে বলেও অভিযোগে বলা হয়েছে।

স্থানীয়দের মধ্যে এ নিয়ে নানা প্রশ্ন ও সন্দেহের সৃষ্টি হয়েছে। তারা হাছান আলীর সম্পদের উৎস খতিয়ে দেখার দাবি জানিয়েছেন।

তবে অভিযোগের বিষয়ে মো. হাছান আলীর বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে দুর্নীতি দমন কমিশন পাবনা সমন্বিত কার্যালয়ের উপ-পরিচালক মো. শহিদুল আলম সরকার জানান, “আমাদের কাছে বিভিন্ন অভিযোগ আসে। সেগুলো নির্দিষ্ট সময় পর পর যাচাই-বাছাই করা হয়। যাচাই শেষে প্রয়োজনীয় তদন্ত কার্যক্রম শুরু করা হবে।”

Post a Comment

নবীনতর পূর্বতন