কড়া নিরাপত্তা ও নতুন কিছু নির্দেশনার মধ্য দিয়ে মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ১০টা থেকে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় শুরু হয়েছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা। সারা দেশের মতো এ উপজেলাতেও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
উপজেলার বিভিন্ন কেন্দ্রে পরীক্ষা শুরুর আগে থেকেই আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারি দেখা যায়। নিয়ম অনুযায়ী সকাল সাড়ে ৯টার মধ্যেই পরীক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশ নিশ্চিত করা হয়। কেন্দ্রগুলোতে দায়িত্বপ্রাপ্ত শিক্ষক ও প্রশাসনের কর্মকর্তারা সার্বক্ষণিক তদারকি করছেন।
এ বছর নবাবগঞ্জ উপজেলায় ৯টি কেন্দ্রে সাধারণ, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে ৯টি কেন্দ্রে ৩ হাজার ৫০৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে। এর মধ্যে সাধারণ বোর্ডে ১হাজার ৬২৯ জন, মাদ্রাসা বোর্ডে ৭১২ জন এবং কারিগরি বোর্ডে ২৭৭ জন পরীক্ষার্থী রয়েছে এবং প্রথম দিনেই ৮২ জন শিক্ষার্থী অনুপস্থিত রয়েছে।
নবাবগঞ্জ উপজেলায়ও এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষার্থীরা নিজ নিজ কেন্দ্রে অংশগ্রহণ করছে। প্রথম দিন সাধারণ বোর্ডে বাংলা প্রথম পত্র, মাদ্রাসা বোর্ডে কুরআন মাজিদ ও তাজভিদ এবং কারিগরি বোর্ডে বাংলা-২ বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়।
পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত রাখতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) ১১ দফা নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়ন করা হচ্ছে। এবার প্রথমবারের মতো প্রতিটি পরীক্ষা কেন্দ্রের প্রতিটি কক্ষে সিসিটিভি ক্যামেরা স্থাপন বাধ্যতামূলক করা হয়েছে। পাশাপাশি ভিডিও সংরক্ষণের নির্দেশও দেওয়া হয়েছে।
এছাড়া কেন্দ্রসচিব ছাড়া অন্য কোনো শিক্ষক বা পরীক্ষার্থী পরীক্ষার হলে মোবাইল ফোন বহন বা ব্যবহার করতে পারছেন না। পরীক্ষার্থীদের তল্লাশির মাধ্যমে কেন্দ্রে প্রবেশ করানো হচ্ছে এবং প্রতিটি কক্ষে সময় দেখার জন্য ঘড়ির ব্যবস্থা রাখা হয়েছে।
নবাবগঞ্জ থানা অফিসার ইনচার্জ মিন্টু দে বলেন,পরীক্ষা চলাকালীন কেন্দ্রের আশপাশে নিরাপত্তা জোরদার করা হয়েছে। কেন্দ্রের ২০০ গজের মধ্যে পরীক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তি ছাড়া অন্যদের প্রবেশে নিষেধাজ্ঞা বলবৎ রয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার জিল্লুর রহমান ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দিপক কুমার বনিক কেন্দ্র পরিদর্শন করে আশা প্রকাশ করে বলেন,সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে এ বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা সম্পন্ন হবে।
সাকিব হাসান নাইম
ঘোড়াঘাট (দিনাজপুর)

একটি মন্তব্য পোস্ট করুন