🔴 ব্রেকিং

শিরোনাম

ঘোড়াঘাটে নওরিন ফিলিং স্টেশনের ‘তেল ভেলকিবাজি’—পেট্রোল সংকটে চরম ভোগান্তিতে জনসাধারণ



দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার রানীগঞ্জ বাজারে অবস্থিত নওরিন ফিলিং স্টেশনে টানা কয়েকদিন ধরে পেট্রোল সরবরাহ বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। উপজেলার অন্যান্য ফিলিং স্টেশনে তেল সরবরাহ স্বাভাবিক থাকলেও রহস্যজনক কারণে এই পাম্পটিতে এক সপ্তাহেরও বেশি সময় ধরে পেট্রোল পাওয়া যাচ্ছে না।


সরেজমিনে দেখা যায়, ঘোড়াঘাট উপজেলার অন্তত তিনটি ফিলিং স্টেশনে নিয়মিত পেট্রোল সরবরাহ অব্যাহত রয়েছে এবং সেখানে কোনো সংকট নেই। অথচ রানীগঞ্জের নওরিন ফিলিং স্টেশনে এপ্রিলের শুরু থেকে আজ (৮ এপ্রিল) পর্যন্ত পেট্রোল সরবরাহ বন্ধ রয়েছে। এতে করে রানীগঞ্জসহ আশপাশের এলাকার শত শত মোটরসাইকেল চালক ও ছোট যানবাহনের মালিকরা বিপাকে পড়েছেন। অনেককে বাধ্য হয়ে দূরের পাম্প থেকে তেল সংগ্রহ করতে হচ্ছে।


ভুক্তভোগীদের অভিযোগ, এটি কোনো স্বাভাবিক সংকট নয়, বরং পাম্প মালিকের পরিকল্পিত ‘তেল নিয়ে ভেলকিবাজি’। তাদের দাবি, কৃত্রিমভাবে সংকট তৈরি করে সাধারণ মানুষকে হয়রানির মধ্যে ফেলা হচ্ছে।


পেট্রোল সরবরাহ বন্ধের কারণ জানতে চাইলে ফিলিং স্টেশনের মালিক মুঠোফোনে জানান, “ফেব্রুয়ারির শেষ সপ্তাহে তেল বিতরণের সময় কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। বর্তমানে নিরাপত্তা ঝুঁকির কারণে আমরা রানীগঞ্জ পাম্পে তেল সরবরাহ বন্ধ রেখেছি।”


তবে মালিকের এমন বক্তব্যকে ‘হাস্যকর’ ও ‘অযৌক্তিক অজুহাত’ হিসেবে দেখছেন স্থানীয়রা। তাদের প্রশ্ন, যদি সত্যিই নিরাপত্তা ঝুঁকি থাকে, তবে ঘোড়াঘাটের অন্যান্য পাম্পে কেন তা প্রভাব ফেলছে না? এছাড়া, বিষয়টি প্রশাসনকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি কেন—এ নিয়েও উঠেছে প্রশ্ন।


স্থানীয়দের মতে, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সবসময় নিরাপত্তা দিতে প্রস্তুত রয়েছে। তাই নিরাপত্তার অজুহাতে পেট্রোল সরবরাহ বন্ধ রেখে জনভোগান্তি সৃষ্টি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।


এ বিষয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণ, প্রকৃত কারণ অনুসন্ধান এবং কোনো ধরনের কৃত্রিম সংকট তৈরি করা হচ্ছে কিনা তা খতিয়ে দেখতে স্থানীয় প্রশাসন ও জ্বালানি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।


প্রতিবেদক:

সাকিব হাসান নাইম

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি

Post a Comment

নবীনতর পূর্বতন