🔴 ব্রেকিং

শিরোনাম

ব্রহ্মপুত্র নদের নাব্যতা ফেরাতে গিয়ে ফসলি জমি ধ্বংসের অভিযোগ, তদন্ত দাবি এলাকাবাসীর


সুরাইয়া আক্তার সনি, ইসলামপুর উপজেলা প্রতিনিধি : 


ব্রহ্মপুত্র নদের নাব্যতা ফিরিয়ে আনতে জামালপুর শহরের পাথালিয়া এলাকায় চলমান খনন কার্যক্রমকে কেন্দ্র করে শত শত বিঘা ফসলি জমি ধ্বংসের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী এলাকাবাসীর দাবি, নদী খননের নামে নির্বিচারে কৃষিজমিতে যন্ত্রপাতি ব্যবহার করে আবাদযোগ্য জমি নষ্ট করা হচ্ছে, যা তাদের জীবিকা হুমকির মুখে ফেলেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বাংলাদেশ পানি উন্নয়ন কর্তৃপক্ষ (বিডব্লিউটিএ)-এর অধীনে পরিচালিত খনন কার্যক্রমে ভারী যন্ত্রপাতি ব্যবহার করা হচ্ছে। এতে নদীর তীরবর্তী বিস্তীর্ণ ফসলি জমি ক্ষতিগ্রস্ত হচ্ছে। অনেক কৃষক তাদের একমাত্র আয়ের উৎস হারানোর আশঙ্কায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন।

আজ একদল সাংবাদিক ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত এলাকাগুলো ঘুরে দেখেন। তারা জানান, খননকাজের ফলে কৃষিজমির ব্যাপক ক্ষয়ক্ষতির চিত্র ইতোমধ্যে বিভিন্ন গণমাধ্যমে প্রচারের জন্য পাঠানো হয়েছে।

ভুক্তভোগী কৃষকদের অভিযোগ, নদী খনন প্রয়োজন হলেও তা পরিকল্পিতভাবে করা হচ্ছে না। কোনো ধরনের পূর্ব মূল্যায়ন, ঝুঁকি নিরূপণ বা ক্ষতিপূরণের নিশ্চয়তা ছাড়াই এই কার্যক্রম পরিচালিত হচ্ছে। এতে কৃষকদের জীবন-জীবিকা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

এলাকাবাসী দ্রুত এ বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। তারা সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং ক্ষতিগ্রস্তদের যথাযথ ক্ষতিপূরণের দাবি জানান।

এ বিষয়ে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগটি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিশেষজ্ঞদের মতে, নদীর নাব্যতা ফিরিয়ে আনা জরুরি হলেও তা অবশ্যই পরিবেশ ও কৃষির ক্ষতি কমিয়ে পরিকল্পিতভাবে বাস্তবায়ন করতে হবে। অন্যথায় উন্নয়ন কার্যক্রম জনদুর্ভোগের কারণ হয়ে দাঁড়াতে পারে।

Post a Comment

নবীনতর পূর্বতন