🔴 ব্রেকিং

শিরোনাম

মাইক্রো দুমড়ে-মুচড়ে নিহত চালক, আহত ১০ যাত্রী


দিনাজপুরের ঘোড়াঘাটে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল এক মাইক্রোচালকের। একই ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন যাত্রী, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।


শনিবার (১১ এপ্রিল) সকাল ৬টার দিকে উপজেলার দামোদারপুর শৌলা ও সোনামুখী বাজারের মাঝামাঝি এলাকায় দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।


নিহত ব্যক্তি নাসিম (৩৫), তিনি দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার চাকাই গ্রামের সাহাব উদ্দিনের ছেলে।


স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, ভাড়ায় চালিত একটি হাই-এইচ মাইক্রো ১০ জন যাত্রী নিয়ে ময়মনসিংহ থেকে দিনাজপুরের উদ্দেশ্যে রওনা দেয়। পথে বিপরীত দিক থেকে আসা ঢাকা গামী শশা বোঝাই একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।


সংঘর্ষের তীব্রতায় মাইক্রোটি দুমড়ে-মুচড়ে যায় এবং ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে পড়ে।



দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়। এ সময় মাইক্রোর ভেতর থেকে চালকসহ ১০ জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়।


আহতদের প্রথমে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক চালক নাসিমকে মৃত ঘোষণা করেন। আহতদের মধ্যে কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।


ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, দুর্ঘটনায় মাইক্রোচালক নিহত হয়েছেন এবং ১০ জন যাত্রী আহত হয়েছেন। নিহতের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে।


তিনি আরও জানান, দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে এবং এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।


 সাকিব হাসান নাইম

ঘোড়াঘাট, দিনাজপুর প্রতিনিধি

Post a Comment

নবীনতর পূর্বতন