মো: গোলাম কিবরিয়া
রাজশাহী জেলা প্রতিনিধি
রাজশাহী মহানগরীতে অভিযান চালিয়ে ৩৬ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-৫। বুধবার বিকেল পৌনে পাঁচটার দিকে নগরের রাজপাড়া থানার তেরখাদিয়া পশ্চিমপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
র্যাব-৫, রাজশাহীর সদর কোম্পানির একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে তেরখাদিয়া পশ্চিমপাড়া এলাকার একটি বসতবাড়িতে তল্লাশি চালায়। এ সময় সেখান থেকে ৩৬ কেজি ৭০০ গ্রাম গাঁজা, দুটি মোবাইল ফোন ও তিনটি সিমকার্ড জব্দ করা হয়।
গ্রেপ্তার শাহাজাহান আলী নগরের তেরখাদিয়া পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা। একই ঘটনায় গ্রেপ্তার রিদওয়ান ইসলাম ওরফে হৃদয় তার ছেলে।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুজন দীর্ঘদিন ধরে পরস্পরের যোগসাজশে বিভিন্ন স্থান থেকে অবৈধভাবে গাঁজা সংগ্রহ করে রাজশাহী মহানগরীসহ আশপাশের এলাকায় বিক্রি করে আসছিলেন বলে স্বীকার করেছেন। উদ্ধার করা গাঁজাগুলো বিক্রির উদ্দেশ্যে ওই বাড়িতে মজুদ করে রাখা হয়েছিল বলেও তারা জানিয়েছেন।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে রাজপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে র্যাব। ভবিষ্যতেও এ ধরণের মাদক ব্যবসায়ীদের ধরতে অভিযান অব্যাহত থাকবে ।

একটি মন্তব্য পোস্ট করুন