সুরাইয়া আক্তার সনি, জামালপুর :
জামালপুরের ইসলামপুর উপজেলার মলমগঞ্জ বাজারে বিএনপির নাম ভাঙিয়ে একটি দোকান দখলের চেষ্টা ও বাধা দেওয়ায় রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার (২২ এপ্রিল) সংঘটিত এ ঘটনায় অন্তত ৩ থেকে ৪ জন মারাত্মকভাবে আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্র ও ভুক্তভোগীদের অভিযোগে জানা যায়, মলমগঞ্জ বাজারে একটি পারিবারিক দোকান জোরপূর্বক দখলের উদ্দেশ্যে একদল দুর্বৃত্ত হামলা চালায়। এ সময় দোকান মালিক ও তাদের স্বজনরা বাধা দিলে সামসুল হক প্রধান, ফিরোজ আহমেদ, আপন মিয়া ও শিহাব প্রধানের নেতৃত্বে প্রায় অর্ধশতাধিক ব্যক্তি তাদের ওপর অতর্কিত হামলা চালায়।
অভিযোগ রয়েছে, হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাত করে। এতে ঘটনাস্থলেই কয়েকজন গুরুতর আহত হন। আহতদের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে জখম হয়েছে। পরে তাদের উদ্ধার করে দেওয়ানগঞ্জ ও ইসলামপুরের বিভিন্ন চিকিৎসা কেন্দ্রে ভর্তি করা হয়।
ভুক্তভোগী পরিবার ও স্থানীয়রা এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। তাদের দাবি, একটি কুচক্রী মহল রাজনৈতিক ফায়দা লুটতে বিএনপির নাম ব্যবহার করে পেশিশক্তির মাধ্যমে দখলের চেষ্টা চালিয়েছে। এতে রাজনৈতিক দলটির ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে বলেও তারা অভিযোগ করেন।
ঘটনার পর থেকে মলমগঞ্জ বাজার এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় ব্যবসায়ী ও ভুক্তভোগীরা।
এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

একটি মন্তব্য পোস্ট করুন