🔴 ব্রেকিং

শিরোনাম

গরুর মাংস বলে বিক্রির চেষ্টা: নবাবগঞ্জে ৫টি ঘোড়া জবাই, তিনজনের কারাদণ্ড



দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় গরুর মাংস বলে বিক্রির উদ্দেশ্যে ৫টি ঘোড়া জবাইয়ের ঘটনায় তিনজনকে আটক করে প্রত্যেককে এক বছর করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে জব্দ করা হয়েছে প্রায় ১২ মণ ঘোড়ার মাংস।

শুক্রবার (৩ এপ্রিল) সকাল ১০টার দিকে উপজেলার গাজীপুর এলাকার একটি সুপারি বাগানে এ ঘটনা ঘটে।

নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিল্লুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে অভিযান চালিয়ে দেখা যায়, কয়েকজন ব্যক্তি ঘোড়া জবাই করে মাংস বিক্রির প্রস্তুতি নিচ্ছে। এ সময় ঘটনাস্থল থেকে ৫টি ঘোড়ার মাংস জব্দ করা হয় এবং জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করা হয়।

তিনি আরও জানান, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে এক বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া জব্দ করা প্রায় ১২ মণ মাংস মাটিতে পুঁতে নষ্ট করা হয়েছে।

স্থানীয় সংবাদকর্মীরা জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, বাগানের বিভিন্ন স্থানে ঘোড়ার দেহের অংশ ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে—কোথাও পা, কোথাও ভুঁড়ি, আবার কোথাও মাথা। ঘটনাস্থলে বিপুল সংখ্যক মানুষ ভিড় জমায়।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। তারা বলেন, একটি অসাধু চক্র দীর্ঘদিন ধরে মানুষকে প্রতারণার মাধ্যমে ভেজাল মাংস 

খাওয়াচ্ছে। গরুর মাংস বলে কীভাবে ঘোড়ার মাংস বিক্রি করা সম্ভব—এ নিয়ে তারা বিস্ময় প্রকাশ করেন এবং প্রশাসনের কঠোর নজরদারির দাবি জানান।


ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি, সাকিব হাসান নাইম

Post a Comment

নবীনতর পূর্বতন