🔴 ব্রেকিং

শিরোনাম

ঘোড়াঘাটে আলু ও ভুষিবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১


দিনাজপুরের ঘোড়াঘাটে পণ্যবাহী দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে শরিফুল ইসলাম (৪৩) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ভোর সাড়ে ৩টার দিকে উপজেলার দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের সোনামুখী ও শৌলা এলাকার একটি দাখিল মাদ্রাসার সামনে এ দুর্ঘটনা ঘটে।


নিহত শরিফুল ইসলাম খুলনা জেলার পাইকগাছা থানার বেতবুনিয়া গ্রামের শহিদুল ইসলাম সানার ছেলে। তিনি ভুষিবোঝাই একটি ট্রাকের আরোহী ছিলেন।


পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ভোররাতে ঢাকা মেট্রো-ট ২২-২৮৯৭ নম্বরের একটি আলুবোঝাই ট্রাক এবং যশোর-ট ১১-২৮৫৮ নম্বরের একটি ভুষিবোঝাই ট্রাক বিপরীত দিক থেকে আসার সময় নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়। এতে ট্রাক দুটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই শরিফুল ইসলামের মৃত্যু হয়।


এ ঘটনায় ট্রাকের অন্য যাত্রীরাও আহত হন। আহতদের দ্রুত উদ্ধার করে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং তারা বর্তমানে আশঙ্কামুক্ত রয়েছেন।


ঘোড়াঘাট থানা পুলিশ জানায়, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে পুলিশ। নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং দুর্ঘটনাকবলিত ট্রাক দুটি সরিয়ে নেওয়া হয়েছে। বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।


ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, আলু ও ভুষিবোঝাই দুটি ট্রাকের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। ট্রাক দুটি জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।


( দিনাজপুর ) ঘোড়াঘাট উপজেলা প্রতিনিধী 

সাকিব হাসান নাইম 

Post a Comment

নবীনতর পূর্বতন