🔴 ব্রেকিং

শিরোনাম

পাকুন্দিয়ায় খাল খনন কর্মসূচি ঘিরে বিএনপির দুই পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া



এ.এস.এম হামিদ হাসান 

কটিয়াদী(কিশোরগঞ্জ)প্রতিনিধি:


কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় স্বেচ্ছাশ্রমে খাল খনন কর্মসূচিকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।


সোমবার (২৩ মার্চ) সকালে উপজেলার এগারসিন্দুর ইউনিয়নের দক্ষিণ খামা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন বলেও জানা গেছে।


তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি। আহতরা বিভিন্ন ফার্মেসিতে চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে।


স্থানীয় সূত্রে জানা যায়, গোলডুবা-খামা সংযোগ খাল খননের অংশ হিসেবে যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক কর্মসংস্থান সম্পাদক খন্দকার আল আশরাফ মামুনের উদ্যোগে সকাল ৮টায় কর্মসূচির উদ্বোধন করা হয়। খননকাজ চলাকালে কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট জালাল উদ্দিনের সমর্থকরা ঘটনাস্থলে এসে কাজে বাঁধা প্রদান করে। এ সময় উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং একপর্যায়ে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।


পরে ঘটনার খবর পেয়ে পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রূপম দাস ও পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুর রহমানের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।


কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ-সম্পাদক আজিজুল হাকিম মীর জানান, কেন্দ্রীয় নির্দেশনার আলোকে খন্দকার আল আশরাফ মামুনের নেতৃত্বে তারা কর্মসূচি শুরু করেন। এ সময় কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট জালাল উদ্দিনের পক্ষের উপজেলা বিএনপির সদস্য আবুল কালাম মেম্বার, এগারসিন্দুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহীন ডাক্তার, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রবিউল, ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ইকবাল, স্বেচ্ছাসেবক দল নেতা দিদার, ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি খুর্শীদ উদ্দিন এবং ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সিদ্দিকের নেতৃত্বে তাদের ওপর হামলা চালানো হয়। এতে কর্মসূচি বাধাগ্রস্ত হয় এবং দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন।


খাল খনন কর্মসূচির উদ্যোক্তা খন্দকার আল আশরাফ মামুন বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে খাল খনন একটি জনকল্যাণমূলক উদ্যোগ। এটি বাস্তবায়নের সময় বিএনপির নামধারী কিছু ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়, এতে তাদের কয়েকজন কর্মী আহত হন।


এ বিষয়ে পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুর রহমান বলেন,এক পক্ষ খাল পরিষ্কার করতে এলে অন্য পক্ষ বাধা দেয়—এ থেকেই উত্তেজনার সৃষ্টি হয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।

Post a Comment

নবীনতর পূর্বতন