বিকল্প কর্মসংস্থানে উদ্যোগ, ঈদ উপলক্ষে দুস্থদের মাঝেও সহায়তা
নারায়ন চন্দ্র রায়,
দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুরের খানসামা উপজেলায় ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত অসহায় জনগোষ্ঠীর পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল ও নগদ আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে। সমাজসেবা অধিদপ্তরের বাস্তবায়নাধীন কর্মসূচির আওতায় বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ থেকে প্রাপ্ত এই সহায়তা সুবিধাভোগীদের মাঝে তুলে দেওয়া হয়।
বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরে উপজেলা পরিষদ কমপ্লেক্সের সভাকক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ আয়োজনে এ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুজ্জামান সরকার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের মাঝে অনুদান ও ছাগল বিতরণ করেন জাতীয় সংসদের হুইপ মো. আখতারুজ্জামান মিয়া।
অনুষ্ঠানে উপজেলার ১৩ জন উপকারভোগীর প্রত্যেককে ৩ হাজার টাকা করে এককালীন আর্থিক অনুদান প্রদান করা হয়। পাশাপাশি ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত ৪ জন ব্যক্তিকে পুনর্বাসনের লক্ষ্যে প্রত্যেককে ৫টি করে ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল দেওয়া হয়, যা তাদের আত্মকর্মসংস্থানের পথ সুগম করবে বলে আশা করা হচ্ছে।
এছাড়াও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৪ আসনের বরাদ্দকৃত নগদ অর্থ উপজেলার গরিব ও দুস্থ পরিবারের মাঝে বিতরণ করা হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) অয়ন ফারহান শামস, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তমিজুল ইসলাম, পিআইও জাকির হোসেন, উপজেলা বিএনপির আহ্বায়ক আমিনুল হক চৌধুরী, জেলা বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক রবিউল আলম তুহিনসহ স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা এবং বিএনপির বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, ভিক্ষাবৃত্তি নিরসনে এমন উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনবে। সরকারি সহায়তার পাশাপাশি সবাইকে এগিয়ে এলে দরিদ্র জনগোষ্ঠীকে স্বাবলম্বী করে তোলা সম্ভব হবে।

একটি মন্তব্য পোস্ট করুন