🔴 ব্রেকিং

শিরোনাম

ঘোড়াঘাটে উৎসবের আমেজে বরণ করা হলো বাংলা নববর্ষ ১৪৩৩

 


দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় বর্ণিল আয়োজন ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে বাংলা নববর্ষ ১৪৩৩। বৈশাখের প্রথম দিনটি ঘিরে সকাল থেকেই উপজেলার সর্বত্র ছিল আনন্দ, উচ্ছ্বাস আর ঐতিহ্যের ছোঁয়া।


মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ৮টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে এক জমকালো বৈশাখী শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। এতে অংশগ্রহণ করেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ—শিক্ষার্থী, শিক্ষক, সরকারি কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দসহ সাধারণ জনগণ। রঙিন ব্যানার, ফেস্টুন এবং বৈশাখী সাজে সজ্জিত অংশগ্রহণকারীদের উপস্থিতিতে শোভাযাত্রাটি হয়ে ওঠে প্রাণবন্ত ও আকর্ষণীয়।


শোভাযাত্রায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবানা তানজিন, সহকারী কমিশনার (ভূমি) আব্দুল আল মামুন কাওসার শেখ, ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম এবং ঘোড়াঘাট পৌর বিএনপির সভাপতি আব্দুস সাত্তার মিলনসহ অন্যান্য অতিথিবৃন্দ।


শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত হয় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এ সময় অতিথিবৃন্দসহ উপস্থিত সকলের মাঝে পরিবেশন করা হয় গ্রামীণ বাংলার ঐতিহ্যবাহী খাবার—পান্তা ভাত ও মুড়ি-মোয়া। পাশাপাশি রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।


নানা আয়োজনের মধ্য দিয়ে দিনব্যাপী এই বর্ষবরণ উৎসব ঘোড়াঘাটবাসীর মনে আনন্দ ও সম্প্রীতির বার্তা পৌঁছে দেয়।


সাকিব হাসান নাইম

ঘোড়াঘাট উপজেলা প্রতিনিধি


Post a Comment

নবীনতর পূর্বতন