সুরাইয়া আক্তার সনি, জামালপুর।
জামালপুরের ইসলামপুর উপজেলায় রাজনৈতিক দলের নাম ভাঙিয়ে চাঁদাবাজি, জমি দখল, দোকান ভাঙচুর ও সন্ত্রাসী হামলার অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন এক ভুক্তভোগী পরিবার।
শনিবার সকালে উপজেলার গাইবান্ধা ইউনিয়নের ফুলকার চর গ্রামে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন হামলার শিকার নূর ইসলামের ছেলে লিটন মিয়া।
লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন, স্থানীয় ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি বাহাদুর ব্যাপারী ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে দলীয় প্রভাব খাটিয়ে তাদের কাছে চাঁদা দাবি করে আসছিল। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে এলজিডির রাস্তা নির্মাণকে কেন্দ্র করে তাদের ওপর হামলা চালানো হয়।
এ সময় নূর ইসলামের মালিকানাধীন দোকান ভাঙচুর ও লুটপাট করা হয় বলে অভিযোগ করা হয়। এছাড়া তাদের প্রাণনাশের চেষ্টাও করা হয়েছে বলে দাবি করেন ভুক্তভোগীরা।
লিটন মিয়া আরও জানান, ঘটনার পর প্রশাসনের বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দেওয়া হলেও এখন পর্যন্ত তারা কোনো প্রতিকার পাননি।
সংবাদ সম্মেলন থেকে ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান ভুক্তভোগী পরিবার ও স্থানীয়রা।

একটি মন্তব্য পোস্ট করুন