সিরাজগঞ্জ প্রতিনিধি:মোঃ হযরত আলী
সিরাজগঞ্জের এনায়েতপুরে কেন্দ্রীয় বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থায় ভয়াবহ বিপর্যয়ের কারণে খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। বুধবার (২২ এপ্রিল) দুপুর ১টা থেকে প্রতিষ্ঠান দুটির একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম স্থগিত করে পৃথক বিজ্ঞপ্তি প্রকাশ করে কর্তৃপক্ষ।
বিজ্ঞপ্তির তথ্যানুযায়ী, খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয় আগামী শনিবার (২৫ এপ্রিল) পর্যন্ত এবং খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ আগামীকাল বৃহস্পতিবার (২৩ এপ্রিল) পর্যন্ত বন্ধ থাকবে।
মেডিক্যাল কলেজের অফিস সুপারিনটেনডেন্ট আশিকুর রহমান জানান, তীব্র বিদ্যুৎ সংকটের কারণে শিক্ষার্থীদের দুর্ভোগ লাঘবে আজ দুপুর থেকে কলেজ বন্ধ রাখা হয়েছে। আগামীকালও এই সিদ্ধান্ত বহাল থাকবে। তবে শুক্রবার বিদ্যুৎ পরিস্থিতি পর্যবেক্ষণ করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
অন্যদিকে, বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার আহসানুল্লাহ হাবীব বলেন, বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার জটিলতায় স্বাভাবিক কার্যক্রম পরিচালনা অসম্ভব হয়ে পড়ায় শনিবার পর্যন্ত বিশ্ববিদ্যালয় বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মূলত কেন্দ্রীয় গ্রিডে যান্ত্রিক ত্রুটির কারণে এনায়েতপুর এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকায় এই অচলাবস্থার সৃষ্টি হয়েছে।
বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় সব কার্যক্রম শুরু হবে বলে উভয় প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন