🔴 ব্রেকিং

শিরোনাম

মনসুর আলী মেডিকেল কলেজে তার চুরির ঘটনায় কর্মচারীদের বেতন কাটার অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে

 


সিরাজগঞ্জ সদর জেলা প্রতিনিধি, মোঃ হযরত আলী

সিরাজগঞ্জ সদর উপজেলার ৫০০ শয্যা বিশিষ্ট শহীদ এম. মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে তার চুরির ঘটনাকে কেন্দ্র করে কর্মচারীদের বেতন থেকে টাকা কেটে নেওয়ার অভিযোগ উঠেছে হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে।

জানা গেছে, চলতি এপ্রিল মাসের ১০ বা ১১ তারিখের দিকে হাসপাতালের তার চুরির ঘটনা ঘটে। যার আনুমানিক মূল্য প্রায় ৫০ হাজার টাকার মতো। এ ঘটনায় কোনো তদন্ত ছাড়াই হাসপাতালের পরিচালক এ টি এম নুরুজ্জামানের সিদ্ধান্তে আউটসোর্সিং কর্মচারীদের বেতন থেকে ৩০০ টাকা করে কেটে নেওয়া হয়।


এতে মোট ১৭২ জন কর্মচারীর বেতন থেকে টাকা কর্তন করা হয়েছে বলে জানা যায়। এর প্রমাণ মেলে ১৫ এপ্রিল ব্যাংকের মাধ্যমে বেতন পাওয়ার পরে। পরবর্তীতে কর্মচারীরা দেখতে পান ৩০০ টাকা করে কম টাকা দেওয়া।


এ ঘটনায় আউটসোর্সিং কর্মচারীদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দেয়। নাম প্রকাশ হলে চাকরি যাওয়ার ভয়ে কেউই মুখ খুলতে রাজি হননি। তবে নাম প্রকাশ না করার শর্তে এক কর্মচারী ঢাকা পোস্টকে বলেন, আমার বেতন যেদিন আসে, সেদিন দেখি ৩০০ টাকা কম এসেছে। চুরি হয়েছে হাসপাতালের তার, আর ক্ষতিপূরণ দিতে হয়েছে আমাদের। কষ্টের কথা কাকেই বা বলব আর।তিনি আরও বলেন, পরবর্তীতে কোনো এক চাপের কারণে বেতন পাওয়ার পরদিন আবার কেটে নেওয়া ৩০০ টাকা করে কর্মচারীদের ব্যাংক হিসাবে ফেরত দিয়েছে। 


নাম প্রকাশ না করার শর্তে আরও এক কর্মচারী ঢাকা পোস্টকে বলেন, আমার বেতন ১৬ হাজার ১৩০ টাকা। অথচ দেখি বেতন এসেছিল ১৫ হাজার ৮৩০ টাকা। হয়েছে তার চুরি, আর টাকা কেটেছে আমার। 


অভিযোগের বিষয়ে হাসপাতালের পরিচালক এ টি এম নুরুজ্জামান ঢাকা পোস্টকে বলেন, নিজেদের মধ্যে কেউ চুরি করেছে কিনা, এমন সন্দেহ থেকে বেতন কর্তনের বিষয়টি চিন্তা করা হয়েছিল। তবে তাদের কাছ থেকে কোনো টাকা কর্তন করা হয়নি বলেও দাবি করেন তিনি।

Post a Comment

নবীনতর পূর্বতন