🔴 ব্রেকিং

শিরোনাম

দামুড়হুদায় মাদকবিরোধী অভিযানে মোবাইল কোর্ট, ৪ জনের কারাদণ্ড, অভিযানে স্বস্তি এলাকাবাসীর


মোঃ নাজমুল হক, চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি :


চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় মাদকবিরোধী অভিযানে মোবাইল কোর্ট পরিচালনা করে চারজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরের দিকে উপজেলার হাউলি ইউনিয়নের জয়রামপুর মালিতাপাড়া এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

জানা যায়, স্থানীয়দের উদ্যোগে প্রথমে মাদকদ্রব্যসহ চারজনকে আটক করা হয়। পরে বিষয়টি প্রশাসনকে অবহিত করলে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে অভিযান চালায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগিতায় পরিচালিত এই অভিযানে আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রাথমিক তদন্তে মাদক সেবন ও সংশ্লিষ্ট অপরাধে জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়।

এর পরিপ্রেক্ষিতে মোবাইল কোর্ট পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী তাদের সাজা প্রদান করা হয়। দণ্ডপ্রাপ্তদের মধ্যে রয়েছেন জয়রামপুর গ্রামের মৃত শামসুদ্দিনের ছেলে রবিউল ইসলাম, যাকে ২ বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। দামুড়হুদা দশমীপাড়া এলাকার আমিন উদ্দীনের ছেলে কালাম হোসেনকে ১ বছরের কারাদণ্ড, দোস্ত গ্রামের রজব আলীর ছেলে রানা মিয়াকে ৬ মাস এবং কুমারীদহ গ্রামের মোমিন উদ্দীনের ছেলে মাহফুজ উদ্দিনকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া প্রত্যেককে ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

অভিযানটি পরিচালনা করেন দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহীন আলম। এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকমুক্ত সমাজ গড়তে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে। মাদক সংক্রান্ত কোনো অপরাধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করা হয়েছে।

স্থানীয়দের মতে, প্রশাসনের এমন কার্যকর উদ্যোগে এলাকায় মাদকবিরোধী সচেতনতা বাড়বে এবং অপরাধ প্রবণতা কমে আসবে। তারা ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন

Post a Comment

নবীনতর পূর্বতন