বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাতের ধারণা, উদ্ধার ৩০ লাখ টাকার মালামাল
নারায়ন চন্দ্র রায়,
দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুরের খানসামা উপজেলার ভেড়ভেড়ী ইউনিয়নের টংগুয়া বিন্দার বাজার (স্থানীয়ভাবে পরিচিত টুপার বাজার) এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১১টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
গত শনিবার (২১ মার্চ) রাত আনুমানিক ১০টার দিকে বন্ধ থাকা দোকানগুলোতে আগুনের সূত্রপাত ঘটে। স্থানীয়রা প্রথমে আগুন দেখতে পেয়ে দ্রুত খানসামা ফায়ার সার্ভিসে খবর দেন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। সময়মতো আগুন নিয়ন্ত্রণে আনার ফলে বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।
ফায়ার সার্ভিসের প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।
খানসামা ফায়ার সার্ভিস স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) আবু সায়েম জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে দিনাজপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক আমিনুল হকের নেতৃত্বে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ ও উদ্ধার কাজ পরিচালনা করে।
তিনি আরও জানান, আগুনে পুড়ে যাওয়া দোকানগুলোর ক্ষয়ক্ষতির পরিমাণ প্রাথমিকভাবে প্রায় ১২ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় ৩০ লাখ টাকার মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে।
এ ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মধ্যে শোক ও হতাশা বিরাজ করছে। স্থানীয়রা ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে প্রশাসন ও সমাজের বিত্তবানদের সহযোগিতা কামনা করেছেন।

একটি মন্তব্য পোস্ট করুন