🔴 ব্রেকিং

শিরোনাম

উল্লাপাড়ায় ইফতার মাহফিলে চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা করলেন আবু হানিফ

 


স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ:

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার ২নং বাঙ্গালা ইউনিয়নের পিয়ারাপুর কবরস্থানে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আনুষ্ঠানিক আত্মপ্রকাশ করেছেন মোঃ আবু হানিফ (হানিফ)।

বুধবার বিকেল ৩টায় কুচিয়ামোড়া এলাকায় অনুষ্ঠিত এ ইফতার মাহফিলে ইউনিয়নের ৯টি ওয়ার্ডের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, নেতাকর্মী ও সমর্থকরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। প্রায় এক হাজার মানুষের জন্য ইফতারের আয়োজন করা হয়, যা এলাকাজুড়ে এক মিলনমেলায় পরিণত হয়।

ইফতার শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। একই সঙ্গে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচন প্রত্যাশা করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা আবু হানিফের প্রতি সমর্থন ব্যক্ত করেন। তিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও শ্রমিক দলের রাজনীতির সঙ্গে জড়িত এবং সাবেক কুচিয়ামোড়া পিকে উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য হিসেবে দুইবার দায়িত্ব পালন করেছেন।

সংক্ষিপ্ত বক্তব্যে আবু হানিফ বলেন, “আমি বাঙ্গালা ইউনিয়নের মানুষের সেবা করার লক্ষ্যে চেয়ারম্যান পদে নির্বাচন করতে চাই। দীর্ঘদিন ধরে এলাকার মানুষের সুখ-দুঃখে পাশে থাকার চেষ্টা করেছি। দল যদি আমাকে মনোনয়ন দেয় এবং জনগণ যদি নির্বাচিত করে, তবে একটি আধুনিক, উন্নত ও নাগরিকবান্ধব ইউনিয়ন গড়ে তুলতে কাজ করব।”

তিনি আরও বলেন, “উন্নয়ন, সুশাসন ও দুর্নীতিমুক্ত প্রশাসন নিশ্চিত করাই হবে আমার মূল লক্ষ্য। তরুণদের কর্মসংস্থান, রাস্তা-ঘাট উন্নয়ন, পরিচ্ছন্নতা এবং নাগরিক সেবার মানোন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হবে।”

আয়োজকরা জানান, পবিত্র রমজানের তাৎপর্য তুলে ধরা এবং জনগণের সঙ্গে সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তোলার উদ্দেশ্যেই এ আয়োজন করা হয়েছে।

এসময় বিএনপি চেয়ারপারসনের সুস্বাস্থ্য কামনা এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্যও দোয়া করা হয়।

Post a Comment

নবীনতর পূর্বতন