🔴 ব্রেকিং

শিরোনাম

ঘোড়াঘাটে ভটভটির ধাক্কায় অটোরিকশা যাত্রী নিহত


দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় সড়ক দুর্ঘটনায় আশরাফুল ইসলাম (৪৫) নামের এক অটোরিকশা যাত্রী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেল পৌনে ৫টার দিকে উপজেলার রানীগঞ্জ-বিরামপুর সড়কের সোনামুখী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


নিহত আশরাফুল ইসলাম হাকিমপুর উপজেলার খট্রা বলরামপুর (সোনার পাড়া) গ্রামের বাসিন্দা এবং মো. আজিজার রহমানের ছেলে।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেল আনুমানিক ৪টা ৪৫ মিনিটে রানীগঞ্জ বাজার থেকে বিরামপুরের দিকে যাচ্ছিল একটি অটোরিকশা। পথে সোনামুখী বাজারের সামনে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ভটভটি নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাটিকে সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষের তীব্রতায় অটোরিকশাটি সড়কের ওপর ছিটকে পড়ে এবং এতে থাকা যাত্রী আশরাফুল ইসলাম গুরুতর আহত হন।


স্থানীয়রা জানান, দুর্ঘটনার পরপরই আশরাফুল ইসলামকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হলেও মাথায় গুরুতর আঘাত পাওয়ায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় আশপাশে থাকা লোকজন ছুটে এসে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন।


খবর পেয়ে ঘোড়াঘাট থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং দুর্ঘটনাকবলিত যানবাহনগুলো জব্দ করে। পরে সড়কে যান চলাচল স্বাভাবিক করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়।


ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ঘাতক ভটভটিটি পুলিশের হেফাজতে রয়েছে এবং বিষয়টি তদন্তাধীন।



সাকিব হাসান নাইম

ঘোড়াঘাট উপজেলা প্রতিনিধি

Post a Comment

নবীনতর পূর্বতন