দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় মাদকবিরোধী অভিযানে চুয়ানির আসর থেকে ৯ যুবককে আটক করে প্রত্যেককে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই রাতে পৃথক অভিযানে টাপেনটাডল ট্যাবলেটসহ আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার রাতভর পৌরশহরের শাহেবগঞ্জ চম্পাতলী এলাকার একটি নির্মাণাধীন বাড়িতে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবানা তানজিন। এ সময় ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলামসহ পুলিশের একটি দল উপস্থিত ছিল।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় একটি নির্মাণাধীন ভবনে চুয়ানির আসর বসার খবর পাওয়া যায়। পরে সেখানে অভিযান চালিয়ে একটি কক্ষে বসে মদ্যপানরত অবস্থায় ৯ যুবককে হাতেনাতে আটক করা হয়। ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন—গাইবান্ধার পলাশবাড়ি উপজেলার নুনিয়াগাড়ির সবুজ মিয়া (২৭), সুজন মিয়া (২৫), মমতাজ খন্দকার (২৩), মোনারুল ইসলাম (২০), রিপন শাহা (২৯), জামালপুরের মেহেদী হাসান (১৮), রকি শীল (১৮), সোহান কুমার (১৮) এবং মহাদিপুর গ্রামের শামীম মিয়া (২৭)।
অন্যদিকে, একই রাতে আরেকটি অভিযানে ১৫ পিচ টাপেনটাডল ট্যাবলেটসহ আশিকুর রহমান জয় (২৫) নামে এক ব্যক্তিকে আটক করে ঘোড়াঘাট থানা পুলিশ। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে।
ঘোড়াঘাট থানার ওসি শহিদুল ইসলাম জানান, আটক সকল আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং বুধবার তাদের দিনাজপুর কারাগারে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, মাদক নির্মূলে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সাকিব হাসান নাইম
ঘোড়াঘাট উপজেলা প্রতিনিধি

একটি মন্তব্য পোস্ট করুন