🔴 ব্রেকিং

শিরোনাম

পোরশায় বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন, র‍্যালিতে নেতৃত্ব দিলেন এমপি মোস্তাফিজুর রহমান।


নওগাঁ পোরশা প্রতিনিধিঃ মোঃ তোফাজ্জল হোসেন 


বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে নওগাঁর পোরশা উপজেলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পহেলা বৈশাখ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত প্রধান র‍্যালিতে নেতৃত্ব দেন নওগাঁ-৪৬/১ আসনের মাননীয় সংসদ সদস্য মোঃ মোস্তাফিজুর রহমান।

সোমবার সকালে পোরশা উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণিল র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং নানা শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। ঐতিহ্যবাহী বাঙালি সংস্কৃতির প্রতীকী উপকরণ, মুখোশ, ব্যানার ও ফেস্টুনে র‍্যালিটি হয়ে ওঠে প্রাণবন্ত ও উৎসবমুখর।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রাকিবুল ইসলাম, পোরশা থানার অফিসার ইনচার্জ জিয়াউর রহমানসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তাদের পাশাপাশি পোরশা মডেল প্রেস ক্লাবের সকল সাংবাদিকবৃন্দ। তাদের সক্রিয় অংশগ্রহণে আয়োজনটি আরও প্রাণবন্ত হয়ে ওঠে।

র‍্যালি শেষে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য দেন সংসদ সদস্য মোঃ মোস্তাফিজুর রহমান। তিনি তার বক্তব্যে তারেক রহমানের পক্ষ থেকে দেশবাসীর প্রতি সালাম ও বাংলা নববর্ষের শুভেচ্ছা পৌঁছে দেন। তিনি বলেন, তারেক রহমান সকলের মঙ্গল কামনা করেছেন এবং নতুন বছরকে কেন্দ্র করে ঐক্য ও সম্প্রীতির বার্তা দিয়েছেন।

সংসদ সদস্য আরও বলেন, সমাজে শান্তি প্রতিষ্ঠা করতে হলে প্রতিহিংসা ও বিভেদ থেকে দূরে থাকতে হবে। তিনি সকলের উদ্দেশ্যে আহ্বান জানিয়ে বলেন, “আপনারা কেউ প্রতিহিংসা নিয়ে বসবাস করবেন না। সব হিংসা-বিবাদ ভুলে গিয়ে নতুন বছরে নতুন আশা ও উদ্যম নিয়ে জীবনকে এগিয়ে নিন এবং আনন্দঘন পরিবেশে নববর্ষকে বরণ করুন।”

বক্তারা বাংলা নববর্ষের তাৎপর্য তুলে ধরে বলেন, পহেলা বৈশাখ বাঙালির ঐতিহ্য, সংস্কৃতি ও অসাম্প্রদায়িক চেতনার প্রতীক। এই উৎসব মানুষের মাঝে ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতির বন্ধনকে আরও সুদৃঢ় করে।

উপজেলা প্রশাসনের সার্বিক ব্যবস্থাপনায় দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান, গ্রামীণ খেলাধুলা ও বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে পোরশায় নববর্ষ উদযাপন করা হয়। এতে স্থানীয়দের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

Post a Comment

নবীনতর পূর্বতন