বোচাগঞ্জ দিনাজপুর প্রতিনিধি
পবিত্র মাহে রমজানকে ঘিরে মানবিকতা ও সহমর্মিতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে সেতাবগঞ্জ রিপোর্টার্স ইউনিটি। মাদ্রাসার শিশুদের অংশগ্রহণে এক ব্যতিক্রমধর্মী ইফতার মাহফিলের আয়োজন করে সংগঠনটি।
মঙ্গলবার (১৭ মার্চ) বিকেলে সেতাবগঞ্জে সংগঠনের নিজস্ব কার্যালয়ে আয়োজিত এ ইফতার মাহফিলে অংশ নেয় মাদ্রাসার অসংখ্য শিশু। দিনভর রোজা শেষে তাদের সঙ্গে একসঙ্গে ইফতার করেন সংগঠনের নেতৃবৃন্দ, যা অনুষ্ঠানে যোগ করে এক ভিন্নমাত্রার আবেগঘন পরিবেশ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মুক্তার হোসেন। উপস্থিত ছিলেন সেক্রেটারি আবুল ওহাব, সাংগঠনিক সম্পাদক লিখন বণিক শুভ, কোষাধ্যক্ষ মোঃ ফারুক হোসেন, কার্যকরী সদস্য আনোয়ার হোসেনসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।
ইফতারের আগে সংক্ষিপ্ত আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে রমজানের তাৎপর্য, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধ তুলে ধরা হয়। পরে শিশুদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হলে তাদের মুখে ফুটে ওঠে আনন্দের হাসি।
আয়োজকরা জানান, মাহে রমজানের প্রকৃত শিক্ষা—সহানুভূতি, ভাগাভাগি ও মানবসেবার বার্তা ছড়িয়ে দিতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষ করে সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়ানোই ছিল এই আয়োজনের মূল উদ্দেশ্য।
সংগঠনের নেতারা বলেন, “এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম ভবিষ্যতেও ধারাবাহিকভাবে চালিয়ে যাবে সেতাবগঞ্জ রিপোর্টার্স ইউনিটি।”
এই আয়োজন শুধু একটি ইফতার মাহফিল নয়, বরং সমাজে মানবিকতার বীজ বপনের এক ছোট্ট কিন্তু তাৎপর্যপূর্ণ প্রয়াস—এমনটাই মনে করছেন স্থানীয় সচেতন মহল।

একটি মন্তব্য পোস্ট করুন