🔴 ব্রেকিং

শিরোনাম

গণমাধ্যমের মর্যাদা রক্ষা ও সম্পাদকদের ঐক্যের আহ্বানে চট্টগ্রাম এডিটরস ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল

 


মোঃ শহিদুল ইসলাম

স্টাফ রিপোর্টার


পবিত্র মাহে রমজানের আত্মশুদ্ধি, সংযম ও মানবিক চেতনার আলোকে চট্টগ্রামের নিবন্ধিত পত্রিকাসমূহের সম্পাদকদের সংগঠন চট্টগ্রাম এডিটরস ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় চট্টগ্রাম প্রেসক্লাব ভবনের কলেজিয়েট ক্লাব হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে নগরীর প্রবীণ ও নবীন সম্পাদকদের উপস্থিতিতে এক আন্তরিক ও সৌহার্দ্যময় পরিবেশের সৃষ্টি হয়।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক আজাদী পত্রিকার সম্পাদক ও একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট সাংবাদিক এম এ মালেক। তিনি বলেন, গণমাধ্যম সমাজের দর্পণ এবং জাতির বিবেক। দায়িত্বশীল ও সত্যনিষ্ঠ সাংবাদিকতা একটি সুস্থ সমাজ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সংবাদ পরিবেশনের ক্ষেত্রে বস্তুনিষ্ঠতা ও নৈতিকতা বজায় রাখার ওপর তিনি বিশেষ গুরুত্বারোপ করেন।


বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দৈনিক পিপলস ভিউ পত্রিকার সম্পাদক, কমনওয়েলথ জার্নালিস্ট অ্যাসোসিয়েশন বাংলাদেশ চ্যাপ্টারের মহাসচিব এবং চট্টগ্রাম এডিটরস ক্লাবের উপদেষ্টা ও পৃষ্ঠপোষক ওসমান গনি মনসুর। তিনি বলেন, বর্তমান সময়ে তথ্যপ্রযুক্তির বিস্তারের ফলে সংবাদ পরিবেশনের গতি যেমন বেড়েছে, তেমনি বেড়েছে দায়িত্বও। সাংবাদিকদের পেশাগত ঐক্য ও নৈতিকতা রক্ষা করাই গণমাধ্যমের প্রতি মানুষের আস্থা অটুট রাখার প্রধান শর্ত।


অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড প্রেস কাউন্সিল ও বাংলাদেশ প্রেস কাউন্সিলের সাবেক নির্বাহী সদস্য প্রবীণ সাংবাদিক মইনুদ্দীন কাদেরী শওকত, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ শাহনেওয়াজ, দৈনিক নয়া বাংলা সম্পাদক জিয়া উদ্দিন এম এনায়েত উল্লাহ, দৈনিক আজকের চট্টগ্রাম পত্রিকার সম্পাদক আবদুল হাই এবং পিপলস ভিউ’র বার্তা সম্পাদক শামসাদ সাত্তার।


চট্টগ্রাম এডিটরস ক্লাবের সভাপতি ও সাপ্তাহিক পূর্ব বাংলা পত্রিকার সম্পাদক এম. আলী হোসেনের সভাপতিত্বে এবং ক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক দেশ জনতার বাণীর সম্পাদক মো. জিয়াউল হকের সঞ্চালনায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া মাহফিলে পরে চট্টগ্রাম এডিটরস ক্লাবের পক্ষ থেকে উপস্থিত অতিথিদের উত্তরীয় পরিয়ে সম্মাননা জানানো হয়।


বক্তারা বলেন, সত্য ও ন্যায়ভিত্তিক সাংবাদিকতা সমাজকে আলোকিত করে এবং গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় সম্পাদকদের দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাংবাদিক সমাজের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও পেশাগত মর্যাদা বজায় রাখার মধ্য দিয়েই গণমাধ্যমকে আরও শক্তিশালী করা সম্ভব।


দেশ, জাতি এবং সাংবাদিক সমাজের কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সাপ্তাহিক পার্বত্য বাণীর সম্পাদক এবিএম মুজাহিদুল ইসলাম।


অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে উপস্থিত সম্পাদকদের সর্বসম্মতিক্রমে দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেককে চট্টগ্রাম এডিটরস ক্লাবের প্রধান উপদেষ্টা, পিপলস ভিউ সম্পাদক ওসমান গনি মনসুরকে উপদেষ্টা ও পৃষ্ঠপোষক এবং প্রবীণ সাংবাদিক মইনুদ্দীন কাদেরী শওকতকে উপদেষ্টা হিসেবে মনোনীত করা হয়।


এ সময় শুভেচ্ছা বক্তব্য রাখেন দৈনিক সকালের চট্টগ্রাম পত্রিকার সম্পাদক মাহতাব উদ্দিন চৌধুরী, ইজতিহাদ পত্রিকার সম্পাদক মো. জসীম উদ্দিন চৌধুরী, দৈনিক বায়েজিদ সম্পাদক মো. হাবিবুর রহমান, দৈনিক চট্টগ্রাম পোস্ট সম্পাদক মোহাম্মদ আইয়ুব, ডেইলি কমার্শিয়াল টাইমস সম্পাদক সুজিত কুমার দাশ, দি ক্রাইম সম্পাদক আশীষ চন্দ্র নন্দী, এজাহার সম্পাদক মো. শফিউল আলম, ইস্টার্ণ ট্রেড পত্রিকার সম্পাদক শেখ নজরুল ইসলাম মাহমুদ, আজকের সত্য সংবাদ সম্পাদক মো. হারুন, পূর্ব ধারা সম্পাদক মুহাম্মদ মহিউদ্দিন, সময়ের নিউজ সম্পাদক আবু সাহিদ, চট্টলার কণ্ঠ সম্পাদক কমল চক্রবর্তী, আন্দরকিল্লা সম্পাদক নুরুল আবচার এবং দৈনিক নিউজ চাটগাঁ সম্পাদক হারাধন চৌধুরী।


ইফতার ও দোয়া মাহফিলকে ঘিরে চট্টগ্রামের সম্পাদক সমাজের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, পেশাগত সংহতি ও ভ্রাতৃত্ববোধ আরও জোরদার হয়েছে বলে উপস্থিত অতিথিরা মত প্রকাশ করেন।

Post a Comment

নবীনতর পূর্বতন